পে স্কেল- ২০২৬ অনুযায়ী উচ্চতর গ্রেড সংক্রান্ত বিষয়াদি (সহজ ভাষায়)

 পে স্কেল- ২০২৬ অনুযায়ী উচ্চতর গ্রেড সংক্রান্ত বিষয়াদি (সহজ ভাষায়)

 গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত বহুল প্রত্যাশিত বাংলাদেশের ৯ম জাতীয় বেতন স্কেল (Pay Scale)-এর গেজেট/প্রজ্ঞাপনে বেতন ও ভাতাদি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি উল্লেখ করা হয়েছে। প্রকাশিত চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর ৬ (ছয়) নং অনুচ্ছেদে ৬ (ছয়)টি উপ-অনুচ্ছেদে  উচ্চতর গ্রেড  সম্পর্কে  বিস্তারিত আলোচনা করা হয়েছে। উক্ত বিষয়াদি বোঝার সুবিধার্থে নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো।

      ১. (প্রথম) ১ম উচ্চতর গ্রেড

  • => একই পদে ৮ বছর চাকরি সম্পন্ন হলে এবং পদোন্নতি না হলে ৯ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়া যাবে।

  • =>এটি পদোন্নতি হিসেবে গণ্য হবে না।

  • => ১ জুলাই ২০২৬-এর আগে ৮ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১০ বছর পূর্ণ হয়নি এমন কর্মচারীগণ ১ জুলাই, ২০২৬ তারিখে একটি উচ্চতর গ্রেড পাবেন।

    উদাহরণ: ধরাযাক, একজন স্থায়ী সরকারি কর্মচারী গত ১৫ নভেম্বর, ২০১৭ তারিখে চাকুরিতে যোগদান করেছেন এবং এখন পর্যন্ত কোনো পদোন্নতি পাননি বা একই পদে কর্মরত রয়েছেন। হিসেব অনুযায়ী গত ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে তার চাকুরিকাল ৮ বছর সম্পন্ন হয়েছে। পে-স্কেল ২০১৫ অনুযায়ী একই পদে ১০ বছর চাকুরি সম্পন্ন হলে একটি উচ্চতর গ্রেড পাবার বিধান থাকায় তিনি কোনো উচ্চতর গ্রেড পাননি। কিন্তু নতুন পে-স্কেল-২০২৬ অনুযায়ী একই পদে ৮ বছর চাকরি সম্পন্ন হলে এবং পদোন্নতি না হলে ৯ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়া যাবার বিধান থাকায় তিনি ১ জুলাই, ২০২৬ তারিখে একটি উচ্চতর গ্রেড পাবেন।

    এককথায়, যাদের চাকরিকাল একই পদে পদোন্নতিবিহীন অবস্থায় ৮ বছরের বেশি হয়েছে তারা ১ জুলাই, ২০২৬ সালে একটি উচ্চতর গ্রেড পাবেন। 

    ২. দ্বিতীয় উচ্চতর গ্রেড

=> প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ৬ বছর চাকরি করলে ৭ম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়া যাবে।
=> এটিও পদোন্নতি হিসেবে গণ্য হবে না।

 ৩. উচ্চতর গ্রেডের সীমা

=> এই আর্থিক সুবিধা বেতন স্কেলের ৪র্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য।

=> ৪র্থ গ্রেড বা তার ঊর্ধ্বে থাকা কর্মচারীরা এই সুবিধা নিয়ে ৩য় বা তার ঊর্ধ্ব গ্রেডে বেতন নিতে পারবেন না।

 ৪. একই পদে সর্বোচ্চ দুইবার

=> একই পদে কেউ দুইবারের বেশি উচ্চতর গ্রেড পাবেন না। 

=> কেউ যদি ইতোমধ্যে ২টা উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড বা টাইম স্কেল পেয়ে থাকেন তিনি আর কোনো উচ্চতর গ্রেড পাবেন না। (ব্যতিক্রম আছে- ৬ নং উপ-অনুচ্ছেদে বিস্তারিত বলা আছে)

 ৫. যারা ইতোমধ্যেএকটি উচ্চতর গ্রেড পেয়েছেন তারা কী চাকরিকাল ১৪  বছর পূর্ণ হলে ২য় উচ্চতর গ্রেড পাবেন, না কি ১৬ বছর পূর্ণ হলে?

=> যারা পে-স্কেল ২০১৫ অনুযায়ী চাকরিকাল ১০ বছর হওয়ায় প্রথম উচ্চতর গ্রেড পেয়েছেন, তারা পরবর্তী/ ২য় উচ্চতর গ্রেড পাবেন চাকরিকাল ১৬ বছর পূর্ণ হবার পর।

=> এক্ষত্রে বেতন নির্ধারণী ব্যতিরেকে তিনি ৩০ জুন ২০২৬ বা তার আগের কোনো বকেয়া থাকলে সেটাও নিতে পারবেন না। 

৬. পদোন্নতিবিহীন (Blocked) পদের ক্ষেত্রে ৩য় উচ্চতর গ্রেড সংশ্লিষ্ট বিধান।

=> যেসকল পদ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ব্লকড (Blocked) হিসেবে ঘোষণা করা হয়েছে, সেসকল পদে কর্মরত কর্মচারীগণ ২য় উচ্চতর গ্রেড প্রাপ্তির ৮ (আট) বছর পর ৩য় উচ্চতর গ্রেড পাবেন। তবে ৩ বারের বেশি কেউ উচ্চতর গ্রেড পাবেন না।

=> ১ জুলাই, ২০২৬ এর আগে উক্ত সুবিধা প্রদান করা যাবে না এবং প্রাপ্ত ৩য় উচ্চতর গ্রেডকেও পদোন্নতি হিসেবে বিবেচনা করা যাবে না।

এর সাথে ০২ টি সংযোজনী ব্যাখ্যা হিসেবে দেওয়া আছে-

১। চাকরিকাল সন্তোষজন হতে হবে, যেমন সন্তোষজনক হলে পদোন্নতি প্রদান করা যায় তেমন সন্তোষজনক হতে হবে।

২। চাকরিকাল সন্তোষজনক হলে উক্ত সুবিধাসমূহ (উচ্চতর গ্রেড) স্বয়ংক্রিয়ভাবে বিভাগীয় পদোন্নতি কমিটি ছাড়াই মন্ত্রণালয়/ বিভাগের মাননীয় সচিব বা উক্ত কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একটি অফিস আদেশ জারির মাধ্যমেই প্রদান করা যাবে।


 

 সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ (Frequently Asked Questions- FAQs):

১। একজন ব্যাক্তি সর্বোচ্চ কতটি উচ্চতর গ্রেড নিতে পারবেন?

উত্তর: একজন স্থায়ী সরকারি কর্মচারী সাধারণত সর্বোচ্চ ২টি উচ্চতর গ্রেড নিতে পারবেন। তবে যদি তার পদটি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ব্লকড Blocked পোস্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে তিনি সর্বোচ্চ ৩ (তিন) টি উচ্চতর গ্রেড নিতে পারবেন। 

[নোট: উভয় ক্ষেত্রেই উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি পূরণ করতে হবে।]

২। আমি চাকরিকাল ১০ বছর পূর্ণ হবার পর একটি উচ্চতর গ্রেড পেয়েছিলাম। এখন আমার চাকরিকাল ১৪ বছরের বেশি হয়ে গেছে। আমি কি এখন ২য় উচ্চতর গ্রেড নিতে পারবো? 

উত্তর:  না। পে-স্কেল, ২০২৬ এর ৬(৫) উপানুচ্ছেদ অনুযায়ী প্রথম উচ্চতর গ্রেড প্রাপ্তির ৬ বছর পর, অর্থাৎ আপনার চাকরিকাল ১৬ (ষোল) বছর পূর্ণ হলে [একই পদে] আপনি ২য় উচ্চতর গ্রেড পাবেন।

৩। আমি একটি ব্লকড পোস্টে চাকরি করি। আমি আমার চাকরিকাল ১৬ বছর পূর্ণ হবার পর ২য় উচ্চতর গ্রেড পেয়েছিলাম। বর্তমানে আমার চাকরি কাল একই পদে ২৪ বছরের বেশি হয়ে গেছে। আমি কি ৩য় উচ্চতর গ্রেড পাব? 

উত্তর: আপনার পদটি যদি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ব্লকড পোস্ট হিসেবে ঘোষিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি তৃতীয় উচ্চতর গ্রেড পাবেন। তবে, আপনার পদটি যদি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ব্লকড পোস্ট হিসেবে ঘোষিত না হয়, তাহলে তৃতীয় উচ্চতর গ্রেড পাবেন না। [সূত্র: চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ এর অনু্চ্ছেদ ৬ (৬)]